ঢাকা,  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,

ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ

স্বাস্থ্য চিকিৎসা

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮ পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৯৪৩ জন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন, বরিশাল বিভাগের ১৯৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। এদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৮৯৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩৩১ জন।