ছবি: সংগৃহীত
সংস্কার কাজের জন্য দীর্ঘ ৯০৯ দিনের অপেক্ষা শেষে নিজেদের চেনা আঙিনা ন্যু ক্যাম্পে ফিরল বার্সেলোনা। আর এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অ্যাটলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করল হান্সি ফ্লিকের দল। শনিবার রাতে লা লিগার ম্যাচে বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সা চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। রবার্ট লেভান্ডোভস্কির শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে ৪৫ হাজার দর্শক। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।
বিরতির পরপরই এরিক গার্সিয়ার পাসে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন ফারমিন লোপেজ। ম্যাচের ৫৪ মিনিটে লোপেজকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের সানসেত, ফলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
ম্যাচের শেষদিকে ইয়ামালের আরেকটি দুর্দান্ত পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তোরেস। চোট কাটিয়ে ফেরা ইয়ামাল গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছেন।
এই জয়ে চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে তাদের অর্জন ৩১ পয়েন্ট। গোল পার্থক্যে দুইয়ে নেমে গেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে তারাও পেয়েছে সমান ৩১ পয়েন্ট।













