ঢাকা,  শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,

জিয়া উদ্যানে চলছে খালেদা জিয়ার কবর খননের কাজ

জিয়া উদ্যানে চলছে খালেদা জিয়ার কবর খননের কাজ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর সব প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে তার কবর খননের কাজ।

বুধবার জানাজা শেষে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে দাফন করা হবে।

বিকেল থেকেই জিয়া উদ্যান এলাকায় ভিড় বাড়তে থাকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। শ্রমিকরা সতর্কতার সঙ্গে নির্ধারিত স্থানে কবর খননের কাজ শুরু করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাফন কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, আগামীকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ নিয়ে আসা হবে জিয়া উদ্যানে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। দাফন প্রক্রিয়া শেষে দলের পক্ষ থেকে মোনাজাত ও পরবর্তী কর্মসূচির বিস্তারিত জানানো হবে। খালেদা জিয়ার প্রয়াণে শুধু বিএনপি নয়, পুরো রাজনৈতিক অঙ্গনেই এখন বিরাজ করছে গভীর স্তব্ধতা।