ঢাকা,  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৫

বিদেশ

বিদেশ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু, একজন শিক্ষক এবং ১৬ বছর বয়সী হামলাকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বেন্ড শহরের বাসিন্দা ওই কিশোর দীর্ঘ নলের একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। বন্ধ দরজায় গুলি চালিয়ে জোর করে সে ভেতরে ঢোকে। তবে বিদ্যালয় ভবনের কতটা ভেতরে সে যেতে পেরেছিল, তা এখনো স্পষ্ট নয়।

বেন্ড পুলিশ বিভাগের প্রধান মাইক ক্রান্টজ জানান, বিদ্যালয়ে কিশোরটির প্রবেশের পর এক ব্যক্তি তার পিছু নিয়ে ভেতরে যান। পরে ওই ব্যক্তির সঙ্গে হামলাকারীর গুলিবিনিময় হয়। এতে কিশোরটি নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ ঘটনা ঘটে।

হামলায় সাত বছর বয়সী আরেক শিশু ও একজন শিক্ষক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হামলাকারীর সঙ্গে বিদ্যালয়টির কোনো সম্পর্ক ছিল কি না, সে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং কতটি গুলি ছুড়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত চলমান থাকায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কেও কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, প্রথমে ৯১১ জরুরি নম্বরে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি একটি গাড়ির দিকে গুলি চালাচ্ছেন বলে জানানো হয়। এর কিছুক্ষণ পর একাধিক ফোনে বিদ্যালয়ে একজনের প্রবেশ ও গুলি চালানোর খবর আসে।

ঘটনার পর সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে নিরাপত্তাজনিত অবরোধ জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দেয় পুলিশ।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্তে সহায়তা করছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সূত্র: সিএনএন