ঢাকা,  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান

হস্তক্ষেপ নয়, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী

হস্তক্ষেপ নয়, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী

ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, দখলদারি ও অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করে পার পাবে না বলেও দলীয় সংসদ সদস্যদের জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক চলে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সংসদ সদস্যদের সমস্যা, সরকারের কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সংসদ পরিচালনা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, নির্বাচন সুষ্ঠু করা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও জানানো হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। দলটির সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যন্ত বিস্তৃত হওয়ায় ইউনিয়নসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনে সমন্বয়ের মাধ্যমে প্রার্থী দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বৈঠকে আলোচনা হয়নি জানিয়ে চিফ হুইপ বলেন, নির্বাচন আয়োজনের সময় ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে তিনি আশা করেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। পরিস্থিতি অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান

দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনার বিষয়ে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বরদাশত করা হবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় কর্মকাণ্ড চালিয়ে পার পেয়ে যাবেন, এমন সুযোগ দল দেবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন।

দুর্গাপূজায় সংখ্যালঘুদের পাশে থাকার নির্দেশ

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান চিফ হুইপ।

তিনি বলেন, পূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কাজ করবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সংসদ সদস্যদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে বলা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে এবং তাঁদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদ পরিচালনা ও সরকারের জবাবদিহি নিয়ে আলোচনা

চিফ হুইপ জানান, বৈঠকে সংসদ পরিচালনা, সংসদ সদস্যদের দায়িত্ব এবং সংসদের বাইরে দলীয় কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সমস্যা, জনদুর্ভোগ এবং সরকারের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে সংসদ সদস্যদের বক্তব্য শুনেছেন। তাঁদের বিভিন্ন সমস্যা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সরকারের কার্যক্রম মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, কোথাও সমস্যা থাকলে তা তুলে ধরতে সংসদ সদস্যদের বলা হয়েছে।

সরকারের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।

৭ নভেম্বর পালনের প্রস্তুতি

বৈঠকে আগামী ৭ নভেম্বর পালনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দীর্ঘদিন পর দিনটি পালনের বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। তবে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আলোচনা হয়নি

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ বিষয়ে বৈঠকে আলাদা কোনো আলোচনা হয়নি। কেউ ফিরে আসতে চাইলে আসতে পারেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় সতর্ক সরকার

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও প্রয়োজনে তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানান চিফ হুইপ। তবে সরকার এ বিষয়ে সচেতন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকেরা যাতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পরিস্থিতির প্রয়োজন হলে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম, সংসদ সদস্যদের দায়িত্ব এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ।