ঢাকা,  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক হেড কোয়ার্টার বাংলাদেশ সচিবালয়কে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের আমলেই এ কাজ শেষ করতে চায় তারা। ইতিমধ্যে স্থাপত্য অধিদপ্তর নতুন সচিবালয়ের তিনটি নকশাও চূড়ান্ত করেছে জাতীয় সংসদ ভবনের আদলে। সেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপনও করা হয়েছে। গত বুধবারের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেছিলেন।

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া সমকালকে বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লাগবে। ওখানে রাস্তার প্রশস্ততা কেমন, কী পরিমাণ যানবাহন চলাচল করে এগুলোর জরিপও করতে হবে। ইতিমধ্যে আমরা তিনটি নকশা করেছি। এমনভাবে নকশা করা হয়েছে যাতে সংসদ ভবনের মতো কোনো ফটক না থাকে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের স্থাপত্যকে অনুসরণ করা হয়েছে।
 
এর আগে ২০১৫ সালে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছিল। পরে সরকার সেই উদ্যোগ থেকে ফিরে আসে। বিদ্যমান সচিবালয়ের মধ্যেই একাধিক বহুতল ভবন তোলে বিগত সরকার। এছাড়া সচিবালয়ের পশ্চিমপাশের পরিবহন পুল ও জিপিও নিয়ে একটি সচিবালয় তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু পরে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সেখানেই সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সচিবালয়ের কাজ শেষ হলে পুরনো সচিবালয়ে গুলিস্তান সংলগ্ন আশপাশের এলাকায় থাকা সরকারি অফিসগুলো স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।