ঢাকা,  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ছবি: সংগৃহীত

চুরি হওয়ার চার দিন পর নাটোর শহরতলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরা উদ্ধার করা যায়নি। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় প্রেস বিফ্রিং করে এ তথ্য জানান নাটোর জেলা পুলিশ সুপার শরীফুল হক।

পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেসে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি দেখতে পান নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। সেখানে পৌঁছে ব্যাগ খুলে ল্যাপটপ পান। পরে তিনি বিষয়টি তার ছেলে অন্তরকে জানান।

এদিকে সংবাদ মাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ চুরির ঘটনা জানতে পারেন অমল সাহা। বিষয়টি তিনি তার ছেলেকে জানান। আজ রাতে অন্তর পুলিশকে ল্যাপটপ পাওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ কাপুড়িয়া পট্টি নুর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপ উদ্ধারের বিষয়টি কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

এদিকে ল্যাপটপ ও ক্যামেরাসহ পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পোস্টার সাঁটিয়েছে এসআরবি। 

পুলিশ জানায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান কিরিল ল্যান্ডার উইবার। ফিরে এসে ওই ব্যক্তিকে আর পাননি। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। বিষয়টি তিনি নাটোর সদর থানা পুলিশকে জানান। পরে থানায় বসে তার কান্নার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।