ঢাকা,  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,

চিরিরবন্দরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সারাবাংলা

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১৯ অক্টোবর ২০২৬

চিরিরবন্দরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছবি: সংগৃহিত

দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আক্তার (২)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শাকিল হোসেন পেশায় অটোরিকশাচালক। তিনি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বর্ণাকে নির্যাতন করতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়।

স্থানীয়দের ধারণা, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বর্ণা প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

স্থানীয় চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী বলেন, আমি ঘটনাস্থলে আছি। সন্ধ্যার দিকে সবাই বাজারে গেলে স্বর্ণা তার চার বছর বয়সী ছেলে সাফায়েত ও দুই বছর বয়সী মেয়ে রাইসাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এরই মধ্যে ঘটনাস্থলে এসেছি। প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত জেনে পরে এ বিষয়ে জানাতে পারবেন।

জনপ্রিয়