ঢাকা,  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,

৫ দাবিতে রংপুরে অর্ধদিবস হরতালের ডাক

৫ দাবিতে রংপুরে অর্ধদিবস হরতালের ডাক

ছবি: সংগৃহীত

বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ, মিটার স্থাপন প্রকল্প বাতিল ও গ্রাহক হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রংপুরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে নাগরিক ও ভোক্তা অধিকার রক্ষা কমিটি। আগামী ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্যসচিব আরেফিন তিতু, সদস্য দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্য নেতারা।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে বলা হয়, ৩০ নভেম্বরের আগে দাবিগুলো পূরণ না হলে ওই দিন অর্ধদিবস হরতাল পালন করা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে জোরপূর্বক স্থাপন করা সব প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার চালু করা, মিটারের নামে অতিরিক্ত বিল আদায় বন্ধ, ডিমান্ড চার্জ প্রত্যাহার, গ্রাহকদের হয়রানি বন্ধ এবং সাধারণ মানুষের সম্মতি ছাড়া নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বাবলু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নেসকো গ্রাহকদের প্রিপেইড মিটার নিতে বাধ্য করছে। তার দাবি, আগে সাধারণ মিটারে যে গ্রাহকের মাসিক বিদ্যুৎ বিল এক হাজার টাকা আসত, প্রিপেইড মিটারে তা বেড়ে তিন হাজার টাকা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। তাই এসব মিটার অপসারণের পাশাপাশি প্রকল্পটি বাতিল করতে হবে। সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ এবং দাবি বাস্তবায়নের জন্য ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে।