ঢাকা,  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,

চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারে লুকানো স্বর্ণবার, ঢাকায় দুই যাত্রীর দেহে স্বর্ণপেস্ট

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারে লুকানো স্বর্ণবার, ঢাকায় দুই যাত্রীর দেহে স্বর্ণপেস্ট

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে লুকানো ৪টি খণ্ডিত স্বর্ণবার এবং ঢাকায় দুই যাত্রীর দেহের অভ্যন্তরে লুকানো ৬টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) দুই বিমানবন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রামে ৯৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

রোববার সকাল ৭টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৫০ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন কামরুল ইসলাম নামের এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তার ওপর নজরদারি করছিলেন কাস্টমস গোয়েন্দারা।

ওই যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় একটি ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪টি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণবারগুলোর ওজন ৪৬৬ গ্রাম।

ঘোষিত ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ ওই যাত্রীর কাছ থেকে মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

ঢাকায় দুই যাত্রীর দেহে মিলল স্বর্ণপেস্ট

একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন দুই যাত্রী মোহাম্মদ সোলায়মান ও জোবায়েদ আহমদ।

তল্লাশির একপর্যায়ে তাদের প্রত্যেকের দেহের অভ্যন্তরে লুকানো ৩টি করে মোট ৬টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। এসব বস্তুর প্রাথমিক মোট ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, প্রকৃত স্বর্ণের পরিমাণ ও মূল্য নির্ধারণের জন্য উদ্ধার করা বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। উপযুক্ত পরীক্ষার পর এগুলো থেকে প্রাপ্ত বিশুদ্ধ স্বর্ণের ওজন ও প্রকৃত মূল্য নিশ্চিত হওয়া যাবে।

এক দিনে দেশের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্ট উদ্ধারের ঘটনা ঘটল।

জনপ্রিয়