ঢাকা,  রোববার, ২৩ আগস্ট ২০২৬,

প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দায়িত্ব গ্রহণের বিষয়ে শুক্রবার (২১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনই নতুন সরকারের চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীও শপথ নেন। বিএনপি সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভায় যুক্ত হওয়া এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

২৫৫ ভোট পেয়ে নির্বাচিত
এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।