ছবি: সংগৃহীত
দৈনিক ভোরের আকাশের সিনিয়র রিপোর্টার নিখিল মানখিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)। নিখিল ডিআরইউয়ের স্থায়ী সদস্য ছিলেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার বনিক্যপাড়ায় তাকে কবরস্থ করা হবে।
নিখিল মানখিনের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে সংগঠনটির অন্য নেতারা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।













